ইরাকে ব্যবসা সম্ভাবনা কাজে লাগাতে চায় বিজিএমইএ

ইরাকে ব্যবসা সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সমিতির সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধিদল রবিবার (২০ আগস্ট) দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করতে ইরাকের নাজাফ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হায়দার আল-আথারির সঙ্গে দেখা করেন।

ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির, সাবেক পরিচালক নজরুল ইসলাম, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, বাংলা পোশাক লিমিটেডের পরিচালক মো. শওকত হোসেন এবং বনিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশ ও ইরাকের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, সংযোগ সৃষ্টি হলে উভয় দেশের ব্যবসায়ীরা উভয় দেশের সামনে থাকা ব্যবসার সুযোগগুলো খুঁজে দেখতে পারে।

তিনি চেম্বারের সদস্যদের বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানি করার আহ্বান জানান।

বাংলাদেশে বানিজ্য ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার জন্য ইরাকি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।