বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পুলিশের কিছু উচ্চপর্যায়ের কর্মকর্তার বক্তব্য শুনলে মনে হয় তারা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলীয় বক্তব্য ‘একতরফা নির্বাচনের আলামত’। গতকাল রবিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়া ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী রেজাউল করীম রানাসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘গত শনিবার পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। সেখানে এক কর্মকর্তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উচ্চপর্যায়ের ওই কর্মকর্তার বক্তব্য শোনার পর মনে হয়েছে, উনি কি পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা না শাহবাগ আওয়ামী লীগের প্রচার সম্পাদক। আমি এর কোনো পার্থক্য করতে পারিনি।’