ব্রাজিলে বাস দুর্ঘটনায় সাত ফুটবল ভক্তের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি পাহাড়ি রাস্তায় যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে এক হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই ব্রাজিলিয়ান ফুটবল দল করিন্থিয়ানসেরর সমর্থক ছিলেন বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা ভয়েজ অব আমেরিকা।

নিহত সাতজন গাভিওস দা ফিয়েল নামে কোরিন্থিয়ানদের সমর্থকদের একটি ক্লাবের সদস্য ছিলেন। এই ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ওই বাসে ছিলেন। আগের রাতে বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে ফিরছিলেন তারা।

যাত্রীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, বাসটি তার ব্রেক হারিয়ে অন্য বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে যায়। নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলেছিল, বাসের ব্রেক কাজ করছে না।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

এক বিবৃতিতে করিন্থিয়ানস জানিয়েছে যে, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দেবে তারা। এ ছাড়া অন্যান্য ব্রাজিলিয়ান ক্লাবগুলিও এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তিনি নিজেও এই ক্লাবের একজন ভক্ত।

এদিকে ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অফ ল্যান্ড ট্রান্সপোর্টেশন (এএনটিটি) এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি অনিবন্ধিত ছিল এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।