কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) হাজতি আবুল বাসার (৩৬) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত বাসার মালিবাগের ১৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও মালিবাগ পশ্চিম ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে তার পরিচয় নিশ্চিত করেছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরের দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে আসে কারারক্ষীরা। হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। হাজতী নম্বর ৪২৭/২৩।