জ্বালানি সংকটে বন্ধ ববির কেন্দ্রীয় লাইব্রেরির জেনারেটর

জ্বালানি সংকটের কারণে বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির জেনেরেটর। গত পাঁচদিন ধরে বন্ধ রয়েছে জেনারটর। এতে বিদ্যুৎ চলে গেলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর জন্য একটি মাত্র লাইব্রেরী, যার আসন সংখ্যা মাত্র ১২০টি ৷ ফলে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয় রিডিংরুমে। তাই কারেন্ট চলে গেলে চরম ভোগান্তিতে পড়তে হয় সেখানে পড়তে আসা শিক্ষার্থীদের। এছাড়াও বই সংকট, মেয়েদের জন্য আলাদা কোনো টয়লেট নেই, লাইট, ফ্যান নষ্ট হয়ে গেলে সময় মতো ঠিক করা হয় না বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিয়মিত রিডিং রুমে পড়তে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ বলেন, পাঁচদিন ধরে জেনারেটরের তেল নেই। কর্তৃপক্ষের সেদিকে নজর নেই। মাঝে মাঝে বিদ্যুৎ চলে ভোগান্তি পোহাতে হয় আমাদের। আসলে এসব বিষয় খুব জোরালোভাবে দেখা উচিত। কিছু বললেই বলে সংকটের মধ্যে আছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী শান্তা রহমান বলেন,যুদ্ধ ইউক্রেনে হচ্ছে নাকি বরিশাল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বুঝতে পারছি না। সব প্রভাব পড়ে এসে এখানেই।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সুব্রত পালীত বলেন, নিরিবিলির কারণে লাইব্রেরীতে যাচ্ছি। সামনে সেমিস্টার পরীক্ষা কিন্তু লোডশেডিং কারণে জেনারেটর থাকার পরেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা। কর্তৃপক্ষ বলছে, সংকটের কারণে তেল শেষ৷ যাচ্ছি সুবিধার জন্য কিন্তু অসুবিধার শেষ নেই।

এ বিষয়ে লাইব্রেরিয়ান ধীমান কুমার রয়ের সঙ্গে যোগাযোগ করা হলে হলে তিনি বলেন, আমাদের জ্বালানি তেল শেষ হওয়ায় এ সমস্যা হয়েছে৷ আমি আগেও বলেছি ইঞ্জিনিয়ারিং শাখায় আবার বলে দিচ্ছি যেন কালকের ভেতরে জ্বালানি তেল সরবরাহ করে।