সমস্যার সূত্রপাত হয় গত ৪ আগস্ট। একটি নাটকের সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গতকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেত্রীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গিল্ড থেকে আরও জানানো হয়, ৩০ আগস্টের মধ্যে নাটকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল তা দিতে নির্দেশ দেয় অভিনেত্রী চমককে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরও জানানো হয়, আপনারা নির্মাতাদের সবচেয়ে নিকট স্বজন ও সহযাত্রী, তাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১৩ আগস্ট অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য নির্মাতা আদিব হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সংগঠনের সমন্বয়ে নিকেতন কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তি সভা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষের বিস্তারিত বক্তব্য শোনার পর তিনটি সংগঠনের উপস্থিত সবার কাছেই প্রমাণিত হয় যে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুটিং সেটে দেরি করে যান। পরিচালক, প্রবীণ অভিনেতা মাসুম বাশার, গীতশ্রী চৌধুরী, আরশ খান, চিত্রগ্রাহক, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়, মেকআপ ম্যানসহ ৪ আগস্টের শুটিং ইউনিটের সবার সঙ্গে চূড়ান্ত রকম খারাপ ব্যবহার করেন। দুই দফায় পুলিশ ডেকে এনে শুটিং ইউনিটের অন্যান্য অভিনয়শিল্পীসহ টেকনিক্যাল টিমের সবাইকে হুমকি দিতে থাকেন।
শুধু তা-ই নয়, ওই ঘটনার পর ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বিষয়টি সাংগঠনিকভাবে সমাধান করবেন বলে দায়িত্ব নেওয়ার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক যেসব সাংগঠনিক সিদ্ধান্তগুলো অমান্য করেন, তিন দিন পর নির্মাতার নামে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মিথ্যা ও-বানোয়াট তথ্য দিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সংগঠনগুলোর অনুরোধ উপেক্ষা করে মিডিয়ার সঙ্গে একের পরে এক কথা বলেন এবং অডিও বার্তা রেকর্ড করে সাংবাদিকসহ মিডিয়াসংশ্লিষ্ট বিভিন্ন মানুষকে পাঠান, যা সংগঠনের জন্য অসম্মানজনক ও বিব্রতকর।
সব সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে অভিযোগ নিষ্পত্তিতে বসার আগের দিন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সংবাদ সম্মেলন করে নিজের অপরাধ ঢাকার জন্য পুরো ঘটনাটি নিয়ে মিথ্যাচার করেন। এতগুলো ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে সংগঠনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে এবং মিডিয়ায় পেশাগত পরিবেশ রক্ষার স্বার্থে ডিরেক্টস গিল্ড বাংলাদেশ মনে করে অভিযুক্ত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তার সব অপরাধের শাস্তিস্বরূপ ন্যূনতম তিন মাসের জন্য পেশাগত কাজ থেকে দূরে রাখা হোক।
এর আগে, সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার দাবি, এই অভিনেতা তার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছেন। তিনি তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র শুরু করেছেন।
অন্যদিকে চমকও অভিনয়শিল্পী সংঘের কাছে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে মাথা ঘামিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতারা। সংগঠন তিনটি গত ১৩ আগস্ট বিকেলে সমস্যাটির সমাধানে বসে। এ সময় অভিযোগকারী চমক ও নির্মাতা আদিব হাসানের অভিযোগ শোনা হয়। সেই সঙ্গে সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্য শোনেন সংগঠনের নেতারা। এর পরদিন অভিনয়শিল্পী সংঘ এক বার্তায় সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠায়। সেখানে অভিনেত্রী চমককে দোষী সাব্যস্ত করা হয়। এতে আগামী ছয় মাসের জন্য চার শর্তে অভিনয় ও ব্যক্তিগত কাজ মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। সেই সঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যে নাটকের সেটে ঘটনাটি ঘটেছিল এবং সে সময় যারা উপস্থিত ছিলেন ওই নাটকের সেটে তাদের সবার সামনে চমককে দুঃখ প্রকাশ করতে হবে বলে সংগঠনগুলো থেকে জানানো হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা নিয়ে মোটেই চিন্তিত নন অভিনেত্রী। উল্টো ডিরেক্টরস গিল্ডকেই হুমকি দিয়ে বসলেন তিনি। চমককে নিষিদ্ধের সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পরই গণমাধ্যমে চমক বলেন, ‘নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমার কিছু যায়-আসে না। ডিরেক্টরস গিল্ড আমাকে নিষিদ্ধ করার কে? তারা তো আদালত না যে খুশিমতো রায় দিয়ে দেবেন। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তারা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমাকে অভিনয়শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।’ ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত তার কাজে প্রভাব ফেলবে না বলেও জানান এ অভিনেত্রী। বলেন, ‘তারা কতজন? আমি যাদের সঙ্গে কাজ করার করছি। যাদের সঙ্গে কাজ করার তাদের সঙ্গেই আমি কাজ করছি, সামনেও করব।’