না.গঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে ৭১৩ আসামি

নারায়ণগঞ্জে কাঁচপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭১৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত রবিবার রাতে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে এ মামলা করেন।

আসামিদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, রূপগঞ্জ বিএনপির মোস্তাফিজুর রহমান দিপু, কাজী মনির, আড়াইহাজার বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। মামলায় ১১৩ জন এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলায় জামপুর ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম (৬২) ও বিএনপিকর্মী সুরুজ মিয়াসহ (৫৫) নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজনকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা কারণে হামলা চালিয়েছে। এখন দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ১৯ আগস্ট সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।