নাটোরে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মাদকবহন কাজে ব্যবহত ট্রাকটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ লাইন্স এ এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার ট্রাক ড্রাইভার মো. সাগর আলী (২১) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার ট্রাক হেলপার সালাহ উদ্দিন (২১)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই হলুদ ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ড্যাশ বোডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভিতর তিন কেজি ৭০০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি মাদক মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়ি়তদের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।