প্রিগোজিনের দাবি

আফ্রিকায় আইএস, আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করছে ওয়াগনার

ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার গ্রুপের সদস্যরা ইসলামপন্থি জঙ্গি ও অন্য অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি খনিজ অনুসন্ধানেও কাজ করছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি টেলিগ্রামে ওয়াগনার বসের নতুন একটি ভিডিওবার্তা নিয়ে হাজির হওয়ার খবর জানায়।

আর তাতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, ন্যায়বিচার ও সুখ— আফ্রিকার জনগণের জন্য। আমরা আইএস (ইসলামিক স্টেট), আল-কায়েদা ও অন্য দস্যুদের জীবন দুঃস্বপ্নে পরিণত করছি। তার মতে, আফ্রিকায় ওয়াগনারের কার্যক্রম রাশিয়াকে বিশ্বদরবারে আরও বড় করে এবং আফ্রিকাকে আরও মুক্ত করে তুলছে।

রাশিয়ায় ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা চালানোর পর এই প্রথম সরাসরি ভিডিওবার্তা নিয়ে হাজির হয়েছেন প্রিগোজিন। দাবি করা হচ্ছে, এই ভিডিও ধারণের সময় তিনি আফ্রিকায় ছিলেন। যদিও তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

ধারণা করা হয়, আফ্রিকা মহাদেশে ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা আছে। সঙ্গে আছে লাভজনক ব্যবসায়িক স্বার্থ। বিশেষ করে প্রিগোজিনের সেনারা মালি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বর্তমান সামরিক জান্তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে বলে দাবি করে থাকে পশ্চিমারা।

সম্প্রতি নাইজারের অভ্যুত্থানে জড়িত সেনা প্রতিনিধিদলের সঙ্গে মালিতে কথা বলেছে ওয়াগনার। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওয়াগনার যোদ্ধারা আফ্রিকায় অবৈধ সোনার লেনদেনে যুক্ত থেকে ধনী হচ্ছে।