শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসরা নারী ১০০ মিটারে ধরে রেখেছিলেন জ্যামাইকার আধিপত্য। এবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ফেবারিট ছিলেন প্রাইস ও শেরিকা। তবে সবাইকে চমকে দিয়ে বিশ্বের নতুন দ্রুততম মানবী হলেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন।
১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে হলেন বিশ্বের দ্রুততম মানবী। ১০.৬৫ সেকেন্ড বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নারীদের ১০০ মিটারে নতুন রেকর্ড। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে এর চেয়ে কম সময় নিয়ে শেষ করেছেন মাত্র চারজন। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে শেরিকা জ্যাকসন দ্বিতীয় ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার দ্রুততম মানবী হওয়ার স্বপ্ন দেখা ফ্রেজার-প্রাইস ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।
৬ বছর পর আবারও ১০০ মিটার স্প্রিন্টে পুরুষ ও নারী দুই বিভাগেই জিতলেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। এবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। ২০১৭-তে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে যুক্তরাষ্ট্রের হয়ে পুরুষ বিভাগে জাস্টিন গাটলিন আর নারী বিভাগে তরি বোউই জিতেছিলেন।
শা’কারি রিচার্ডসন সেমিফাইনাল রাউন্ড ভাগ্যক্রমে পেরিয়েছিলেন। তিনটি সেমিফাইনাল থেকে শীর্ষ দুজন করে মোট ছয়জন সরাসরি ওঠেন ফাইনালে। বাকি দুজনকে বেছে নেওয়া হয় টাইমিংয়ের হিসাবে। নিজের দৌড়ে সেরা দুইয়ে থাকতে না পারা রিচার্ডসন সুযোগ পেয়েছেন টাইমিংয়ের হিসাবেই (১০.৮৪ সেকেন্ড)।
সবার আগে ফিনিশিং লাইন পার করা রিচার্ডসন যেন বিশ্বাস করতে পারছিলেন না কী করে ফেলেছেন। রিচার্ডসন বলেন, ‘আমি এখানে, আমিই চ্যাম্পিয়ন। আপনাদের সবাইকে তো আগেই বলেছিলাম। এটা প্রত্যাবর্তন নয়, আমি আগের চেয়ে আরও ভালো হয়েছি!’ অথচ দুবছর আগে গাঁজা টেনে মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার কারণে টোকিও অলিম্পিকের যুক্তরাষ্ট্র দল থেকে বাদ পড়েছিলেন রিচার্ডসন। গত বছর দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন ট্রায়ালে খারাপ করায়।
শা’কারি রিচার্ডসন আরও বলেন, ‘আমার দারুণ অনুভূতি হচ্ছে। আমার মনে হয় এটা কষ্টের ফল। আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। যেমন অনুশীলন করব তেমন ফল পাব সেটাই ভেবেছি।’ যুক্তরাষ্ট্রের হয়ে ৪ গুণিতক ১০০ মিটার দলগত রিলেতে অংশ নিতে পারেন রিচার্ডসন।
গত বছরের চ্যাম্পিয়ন প্রাইস শা’কারিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অভিনন্দন শা’কারি। দারুণ এক রেস হলো। গত বছর ১০০ মিটার দৌড়েছি রেকর্ড গড়ে আজ আরেক রেকর্ড হলো। যেটি দারুণ বিষয়।’
মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ভুল স্বীকার করে নিয়ে রিচার্ডসন জানিয়েছিলেন মায়ের মৃত্যুর পর বাজে বন্ধুদের সঙ্গে জড়িয়েই সর্বনাশ করেছেন নিজের। গাঁজা যেহেতু পারফরম্যান্স-বর্ধক মাদক নয়, তাই পক্ষে-বিপক্ষে তর্কবিতর্কও হয়েছিল।