ঢাকা-ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংলাপ আজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আজ বুধবার সংলাপে বসছে বাংলাদেশ। সংলাপে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ কীভাবে অবদান রাখবে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি প্রতিরক্ষা চুক্তি জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) নিয়েও আলোচনা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এটি ওয়াশিংটনের সঙ্গে ঢাকার দশম প্রতিরক্ষা সংলাপ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন দেশটির ভারত-মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস।

কূটনৈতিক সূত্রের দাবি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রশিক্ষণ, দুই দেশের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়, জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন বিষয়ে সংলাপে গুরুত্ব পাবে‌। এর মধ্যে বেশি গুরুত্ব পাবে ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) নিয়ে আলোচনা। কারণ চীনের প্রভাব কমানোর লক্ষ্যে অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। তারা যেকোনো মূল্যে এ অঞ্চলে নিজ উপস্থিতি ও প্রভাব নিশ্চিত করতে চায়। আর এ উপস্থিতি নিশ্চিতে আইপিএসে গণতন্ত্র ও মানবাধিকার তাদের অন্যতম অগ্রাধিকার।

২০১২ সালে শুরু হয়ে গত বছর মে মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপের নবম বৈঠক হয়।