ড. ইউনূসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারের প্রথম দিনে মামলার প্রথম সাক্ষী কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম সাক্ষ্য দেন। আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বেগম শেখ মেরিনা সুলতানা সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর তাকে জেরা করেন ড. ইউনূসের আইনজীবীরা।

এ মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) গত ২০ জুলাই খারিজ করে দেয় সুপ্রিম কের্টের আপিল বিভাগ। এরপর আনুষ্ঠানিকভাবে গতকালই সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার শুরু হলো। ড. ইউনূসের পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। মামলার বাদী কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।