গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় মাদ্রাসার প্রিন্সিপাল নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরীর কাশিমপুর নয়াপাড়া একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন কাউসার (৩৮), রংপুর জেলার পীরগাছা থানার চালুনিয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তিনি কাশিমপুর থানার পূর্ব এনায়েতপুর এলাকার ‘আল হেকমা তাহফিজুল কোরআন মাদ্রাসার’ প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কাশিমপুর থানা ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গতকাল দুপুরে কাশিমপুর থেকে একটি কাভার্ড ভ্যান জিতার মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় একই দিকে একটি মোটরসাইকেলে প্রিন্সিপাল কাউসার যাচ্ছিলেন। পথিমধ্যে আলিম নিট কারখানার সামনে পেছন থেকে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
খবর পেয়ে কাশিমপুর থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।