সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি করার অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের পিএস ইসমাঈল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রামেবি সিন্ডিকেট। ২০ আগস্ট এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রামেবির ১৩তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেবির রেজিস্ট্রার ডা. মোহা. আনোয়ারুল কাদের। চাকরি নেওয়ার সময় ইসমাঈল হোসেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সাটিফিকেট জমা দেন। তার সেই সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠে।
২০ আগস্ট রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের সাময়িক বরখাস্তের বিষয়ে জানান, রামেবির সিন্ডিকেটের ১৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসমাঈল হোসেনের নিয়োগের বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের স্বার্থে যত দিন পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে, তত দিন তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুসারে খোরপোশ ভাতা পাবেন।