রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে এলকে প্লেজোনসহ একাধিক অনলাইন জুয়া অ্যাপের ডেভেলপার ও অ্যাডমিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের গ্রেপ্তার করেছে বলে গতকাল মঙ্গলবার জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শরিফুল ইসলাম (২৩), মো. সোলাইমান (২৩) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (২৭)।
এটিইউ মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, এলকে প্লেজোন একটি জুয়ার অ্যাপ, যার মাধ্যমে কয়েক হাজার ব্যক্তি একসঙ্গে অনলাইনে জুয়া খেলায় অংশ নিতে পারে। এসব অবৈধ অনলাইনভিত্তিক জুয়া খেলায় অনেকেই সর্বস্বান্ত হয়েছে। একপর্যায়ে তারা তথ্য পান যে, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম এলকে প্লেজোনসহ একাধিক অনলাইন জুয়া প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাডমিন হিসেবে যুক্ত। রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অ্যাডমিন এবং ডেভেলপার সোলাইমানকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একাধিক জুয়ার অ্যাপ তৈরি ও পরিচালনায় সহায়তাকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।