ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় ছিনতাই

সাভারে জমি রেজিস্ট্রির জন্য ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় এক যুবকের ব্যাগ থেকে কৌশলে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি চক্র। এ সময় বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী যুবক নিজেই এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ওই ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারে অবস্থিত বেসরকারি ইসলামী ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীর নাম আলী (৫৫)। তিনি মাদারীপুরের কালকিনি থানার মো. কালাম মিয়ার ছেলে। বর্তমানে রাজধানীর সায়েদাবাদে বসবাস করেন। অন্যদিকে ভুক্তভোগী যুবক রবিউল ইসলাম রাজধানীর শ্যামলীতে বসবাস করেন। পরিবারের জমি রেজিস্ট্রির জন্য সাভারে এসেছিলেন।ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘সাভারে ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা তুলে বাসস্ট্যান্ডে এলে পেছন থেকে ছিনতাইকারী ব্যাগ খুলে ৫০ হাজার টাকা নিয়ে নেওয়ার সময় একজনকে ধরে ফেলি।