রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রড মিস্ত্রীর মৃত্যু

রাজধানী খিলগাঁও নন্দীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল নামের এক রড মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, নন্দিপাড়া আফসার আলী সড়কে একটি নির্মাণাধীন তিন তলা ভবনের নিচ তলায় মেশিনের সাহায্যে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবেল। সহকর্মীরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।

তিনি জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।