সাড়া জাগিয়েছে ম্যানচেস্টারের হালাল উৎসব

ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইউরোপের বৃহত্তম হালাল খাবার ও হালাল লাইফস্টাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ট্র্যাফোর্ডের বোলারের প্রদর্শনী কেন্দ্রে তা অনুষ্ঠিত হয়।

ম্যানচেস্টার ইভনিং নিউজের খবরে বলা হয়েছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন দেশের প্রায় ১৫ হাজার লোক অংশ নেয়। এতে দেড় শতাধিক বিক্রেতা মজাদার সব হালাল খাবার নিয়ে উপস্থিত ছিলেন।

দ্য হালাল ফুড ফেস্টিভ্যালের আয়োজক বিলাল খান বলেছেন, ‘আমরা সবার কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। উৎসবটি আমরা গত বছর চালু করি। এ ধরনের আয়োজনের প্রতি সবার মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। নানা সংস্কৃতির মানুষ এতে আগ্রহী হচ্ছে।’

তিনি আরও বলেন, ম্যানচেস্টারের এ উৎসবে এসে অতিথিরা নিত্যনতুন জিনিস সম্পর্কে জানার চেষ্টা করছে। তাদের মধ্যে হালাল খাবার সম্পর্কে জানার আগ্রহও অনেক বেশি।

এখন তা মূলধারার উৎসবে পরিণত হয়েছে, যা আমাদের প্রধান লক্ষ্য। আমরা সর্বস্তরের মানুষকে এর অভিজ্ঞতা নিতে আমন্ত্রণ জানাতে চাই। পাশাপাাশি হালাল খাবার ও মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে বিরূপ মনোভাব দূর করতে চাই। আমরা কীভাবে আনন্দ উৎসব করি তা সমাজের সবার মধ্যে তুলে ধরতে চাই। আয়োজকদের সূত্রে জানা গেছে, বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় আয়োজকদের আরও বেশি সময় নিয়ে উৎসব আয়োজনের উৎসাহ জুগিয়েছে। তাই আগামী বছর এ উৎসব তিন দিন করার পরিকল্পনা রয়েছে।

হালাল আরবি শব্দ। এর অর্থ বৈধ, উপকারী, কল্যাণ ও অনুমোদিত ইত্যাদি। ইসলাম ধর্ম অনুসারে মুসলিমরা শুধু হালাল খাবার খেতে পারবে। মানুষের জন্য যা কিছু উপকার ও কল্যাণকর ওইসব কাজ ও বস্তুকে আল্লাহতায়ালা মানুষের জন্য হালাল করে দিয়েছেন। এর বিপরীত হলো হারাম। কোন উপার্জন, খাদ্য এবং কোন কর্ম মুসলমানদের জন্য হালাল তা কোরআন-হাদিসে বর্ণিত রয়েছে।