বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শেষ হচ্ছে আজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী দশম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ গতকাল বুধবার ঢাকায় শুরু হয়। এর আগে নবম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ গত বছরের ১৬-২০ মে যুুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। ২০১২ সাল থেকে এ প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল জেমস থমাস জন। এ ছাড়া বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

আইএসপিআর জানায়, এ সংলাপের লক্ষ্য দুদেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার ভিত্তি সুদৃঢ়। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 10th BD-USA Bi-Lateral Defence Dialogue (BDD)-এ অংশগ্রহণকারী ইউএসএ প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।