বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক সিলেটে ব্র্যাকের একটি স্কুল পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকালে সারাহ কুক প্রথমবারের মতো সিলেট সফরে এসে লাক্কাতুরা চা বাগানের পাশে লাক্কাতুরা ব্র্যাক স্কুল পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্লাস পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের কথা শুনেন।
এ সময় সারাহ কুক বলেন, ‘স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে দেখা হলো, যারা সিলেটের চা বাগানে কাজ করেন। এটা স্পষ্ট যে, শিক্ষা শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, সম্প্রদায়ের জন্য পরিবর্তনশীল। যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করতে পেরে গর্বিত, বিশেষ করে মেয়েদের দিকে নজর দিয়ে।’
ব্র্যাকের পক্ষ থেকে পরিচালক (শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন) সাফি রহমান খান হাইকমিশনারকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে অংশীদারিত্বে আমরা যে গুরুত্বপূর্ণ কাজটি করছি তা দেখার জন্য সিলেটের চা বাগানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ব্র্যাকের শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেড প্রফুল্ল চন্দ্র বর্মনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।