লিগস কাপে শিরোপা জয়ের রেশ না কাটতেই লিওনেল মেসি ও মায়ামির সামনে হাতছানি দিচ্ছে আরও এক শিরোপা। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে সিনসিনাটি এফসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।
লিগস কাপ জয়ের পর সিনসিনাটি এফসির বিপক্ষে ম্যাচটি হবে মায়ামির প্রথম ম্যাচ। সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে হবে খেলা।
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর টানা খেলে যাচ্ছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে করেছেন ১০ গোল। তাই বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিশ্রামের বিষয়টিও উঠে আসছে। তবে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানান, ইউএস ওপেন কাপের সেমিতে মেসি খেলবেন।
অনেকে ভাবছেন মায়ামির বড় পরীক্ষা হবে এই ম্যাচে। কারণ এবার এমএলএস-এ ইস্টার্ন কনফারেন্সে টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলবে তারা। মায়ামি আছে সবার শেষে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে মায়ামি। ৭ ম্যাচ খেলে চারটিতে জিতেছে মায়ামি। দুটিতে জয় সিনসিনাটির। এক ম্যাচ ড্র হয়।
অবশ্য শেষ মুখোমুখিতে গেল এপ্রিলে জয় পেয়েছে সিনসিনাটি। সেই ম্যাচটি সিনসিনাটি জেতে ১-০ তে। তার আগে ২০২২ এর জুলাইতে এই দুই দলের ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়। ২০২১ এর অক্টোবরে সিনসিনাটির বিপক্ষে ৫-১ গোলে জয়ের রেকর্ড আছে মায়ামির।