মেয়রের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে ক্ষমাপ্রার্থনা করেন।

তবে মেয়রকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি আদালত। তার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়। ওই দিনও মেয়রকে আদালতে হাজির থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেন আপিল বিভাগ।

আজ (২৪ আগস্ট) সকাল ৯টায় এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে আদালতে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়। এ ছাড়া মেয়রের আপত্তিকর বক্তব্যের ভিডিওটি অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।