সৌদি সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘নুসুক’ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশে তাদের প্রথম রোড শো আয়োজন করেছে। এ আধুনিক সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে সব বাংলাদেশি ধর্মীয় এবং পর্যটনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা বিশেষভাবে উপকৃত হবেন।
রোড শোতে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়াহ, নুসুক এপাক (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগসহ উচ্চপদস্থ সৌদি সরকারি ও বেসরকারি কর্মকর্তারা অংশ দেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত রোড শোতে বাংলাদেশি ওমরাহ প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, ট্র্রেড অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়।
সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং হজ ও ওমরাহ অভিজ্ঞতা কর্মসূচির চেয়ারম্যান ড. তৌফিগ আল-রাবিয়াহ বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ভ্রাতৃসুলভ সম্পর্ক সময়ের বিচারে পরীক্ষিত ও প্রমাণিত। এ সম্পর্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আমরা বর্তমানে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্রগুলো নিয়ে কাজ করছি।
তিনি বলেন, দুটি পবিত্র মসজিদের জিম্মাদার হিসেবে সারা পৃথিবী থেকে আল্লাহর অতিথিদের স্বাগত জানাতে পারা আমাদের জন্য অনেক সম্মানের এবং গর্বের। হজ ও ওমরাহ পালন নিরাপদ, সুগম, ঝামেলামুক্ত এবং আরামদায়ক করতে প্রয়োজনীয় সব করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটা আমাদের পবিত্র দায়িত্বও বটে। হজ ও ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
নুসুক ব্যবস্থাপনা পরিচালক ফাহ্দ হামিদাদ্দিন বলেন, বাংলাদেশে আমাদের উদ্বোধনী রোড শো আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ক্রস-গভর্নমেন্ট এবং ট্রেড পার্টনারদের সহযোগিতায়, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য অসাধারণ সম্ভাবনার দ্বার উন্মোচনে আমাদের সহায়তা করেছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার এবং সৌদীর ভিশন ২০৩০ অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসাবে বিবেচিত। এ বছর এখন পর্যন্ত, আমাদের দেশে ৩৩২,০০০ এর বেশি বাংলাদেশি ভ্রমণকারীকে আমরা স্বাগত জানিয়েছি এবং ২০৩০ সালের ভেতর এ সংখ্যা তিন মিলিয়ন হবে বলে আমরা আশা রাখি।
নুসুক এপাক (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ বলেন, আমাদের লক্ষ্য হলো নুসুকের মাধ্যমে বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ আরো সহজ ও সুগম করা, বিশেষ করে ওমরাহ পালনকারীদের জন্য, যাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সৌদি আরব এ লক্ষ্যে নুসুককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মুসলিম ভ্রমণকারীরা বিভিন্ন ক্যাটাগরীতে উমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ভিসা প্রদানের ক্ষেত্রে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ইভিসা সেবা, যুক্তরাজ্য/ যুক্তরাষ্ট্র/ শেনঝেন নাগরিক বা ভিসাধারীদের ২৪ ঘণ্টার মধ্যে ইভিসা প্রদান। এ ছাড়া বাংলাদেিশিরা ওমরাহ পালনের পাশাপাশি দেশটির অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো ভিসাধারী জমজমের পানি পাওয়ার অধিকার রাখেন। বাংলাদেশিরা প্রয়োজনে ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসা নিয়েও ওমরাহ পালন করতে পারবেন।
নুসুক ২০২২ সালে চালু করা হয়। এটি সৌদি সরকারের প্রথম অফিসিয়াল প্ল্যানিং, বুকিং, এবং এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম। যার লক্ষ্য মক্কা ও মদীনায় ওমরাহ ও হজ পরিকল্পনায় সাহায্য এবং একই সঙ্গে অন্যান্য স্থান ভ্রমণেও সহায়তা প্রদান।