আভরাল সাহির তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম ব্যস্ত গায়ক ও সংগীত পরিচালক। নিজে গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও সুর-সংগীতায়োজন নিয়ে ব্যস্ত তিনি। বিশেষ করে নাটকের গান ও জিঙ্গেলে তার ব্যস্ততা বেশি। নিয়মিত নাটকের গান করলেও সম্প্রতি একটি স্পেশাল গান করেছেন বলে জানালেন এই তরুণ শিল্পী। কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘বলছি তোমার দিব্যি গেলে (আসো না)’, ‘সাজনা’, ‘তোর হাঁটাচলা’, ‘হতে পারে না’, ‘সোনা বন্ধু’, ‘দেখতে বউ বউ’, ‘মন আমার’সহ অনেক হিট গানের কণ্ঠশিল্পী প্রশমিতা পালকে দিয়ে তিনি একটি নাটকের গান গাইয়েছেন। জনপ্রিয় নাট্য নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় ‘জানেমান তুই আমার’ নাটকে ‘ভালো লাগা’ শিরোনামের সেই গানটিতে প্রশমিতার সঙ্গে গেয়েছেন আভরালও। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। এরইমধ্যে গানটি এবং নাটকটি মুক্তি পেয়েছে। আভরাল সাহির বলেন, ‘প্রথমবারের মতো আমার কথা, সুর ও সংগীতে বাংলাদেশি নাটকের গানে কণ্ঠ দিলেন প্রশমিতা পাল। বরাবরের মতো তিনি দারুণ গেয়েছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও অসাধারণ। একেবারেই পেশাদারিত্ব নিয়ে তিনি কাজ করেন। ফলে ভিন্ন দেশের শিল্পী হলেও কাজ করতে আমি কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করিনি। রিলিজের পর থেকেই নাটক এবং গান দুটো থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। যারা এখনো গানটি শুনেননি তারা শুনে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।’