রাজধানীর উত্তরায় সিভিল অ্যাভিয়েশন কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমানবন্দর থানা সিএটিসি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান।
এ সময় আলহাজ হাবিব হাসান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব সদস্যদের নির্মমভাবে হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তিনি আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেছিল। পরিশেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএএবি কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ওসরুল ওয়াছে অশ্রু। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ অন্য নেতাকর্মীরা।