স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে মির্জা ফখরুল ঢাকা ত্যাগ করেন। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে। এ ছাড়া তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা রয়েছে। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

যাওয়ার আগে গত বুধবার রাতে গুলশানের বাসায় গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

চিকিৎসার জন্য বিএনপির আরও যারা দেশের বাইরে : বর্তমানে মির্জা ফখরুল ছাড়াও চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বাবার একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন খন্দকার মোশাররফ হোসেন। ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।’ এর আগে গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

এদিকে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারা হেফাজতে থাকার পর মুক্তি পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য ওই দেশে রয়ে গেছেন। দেশে চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।