রাজধানীতে আজ বিএনপির কালো পতাকা মিছিল

সরকার পতনের এক দফা দাবিতে আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় দুটি স্থান থেকে কর্মসূচি শুরু হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। সব পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করবে মহানগর দক্ষিণ শাখা। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণমিছিলের উদ্বোধন করবেন এবং এটি শেষ হবে দয়াগঞ্জে।

মহানগর উত্তর শাখার মিছিলটি শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শেষ হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করবেন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলোর এক দফা আন্দোলনের এটি পঞ্চম কর্মসূচি।