এবার আসছেন অঞ্জন দত্ত

গেল বছরের অক্টোবরে ঢাকায় আধুনিক গান আর খেয়ালে মুগ্ধতার রেশ ছড়িয়ে গেছেন কলকাতার প্রখ্যাত গায়ক কবীর সুমন। এবার তারই সমসাময়িক আরেক নন্দিত শিল্পী অঞ্জন দত্ত আসছেন ঢাকায়। তারও অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন এই তল্লাটে। তাদের গানে-সুরে মাতানোর জন্যই ঢাকামুখী হচ্ছেন তিনি। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। আয়োজন সূত্রে জানা যায়, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তাদের ভাষ্য, ‘ইতিমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা। সঙ্গত কারণে এখনই সব প্রকাশ করতে চাই না।’ এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন। আয়োজনটি নিয়ে সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করব, ভাবতেই আনন্দ লাগছে।’ শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশনসংক্রান্ত যাবতীয় তথ্য।

আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেল মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী। গান, অভিনয় ও নির্মাণ বিভিন্ন ভুবনে নিজেকে প্রমাণ করেছেন অঞ্জন দত্ত। আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। বহু সিনেমায় যেমন অভিনয় করেছেন, আবার নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী দত্ত তো এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।