বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে মানুষ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ঢাকায় কালো পতাকা মিছিল করেছে। কিন্তু কোনো লাভ নেই। দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে। বর্তমানে যে অবস্থা ভবিষ্যতে তাদের হামাগুড়ি কর্মসূচি দিতে হবে। আন্দোলনের নামে বিএনপি আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে নিজেই চিতপটাং হয়ে গেছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত জাতীয় শোক দিবসের শোকসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পুনর্গঠন করে অগ্রগতির যাত্রাকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। জিয়াউর রহমান ঘটিয়েছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট আর তার ছেলে তারেক রহমান ঘটিয়েছেন ২০০৪ সালের ২১ আগস্ট।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ফখরুল সাহেবদের চোখে পড়ে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশিরাও তাদের নালিশের কর্ণপাত করছে না। বিএনপি এখন কোমরভাঙা দলে পরিণত হয়েছে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’