রোনালদোর হ্যাটট্রিক, মানের জোড়া গোল

একই ম্যাচে জলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানে। সুবাদে আল ফাতেহর বিপক্ষে দাপুটে জয় পেল আল নাসর।

সৌদি প্রো লিগে শুক্রবার ৫-০ গোলের জয় তুলে নেয় আল নাসর। চলতি লিগে এটিই তাদের প্রথম জয়।

প্রথম দুই ম্যাচে তারা হেরেছিল। যে দুই ম্যাচের প্রথমটিতে রোনালদো দলে ছিলেন না। পরের ম্যাচে ফিরলেও গোলশূন্য ছিলেন।

আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। ম্যাচের বয়স তখন ২৭ মিনিট। সৌদি দলটির হয়ে এটি তার দ্বিতীয় গোল। রোনালদো প্রথম গোল পান ৩৭তম মিনিটে। সুলতান আল ঘাননামের বাড়ানো বল হেডে জালে জড়ান। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি প্রথম গোল রোনালদোর। দ্বিতীয় গোল করেন ৫৫তম মিনিটে। তাতে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৮১তম মিনিটে ঘারিবের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করে সাদিও মানে। স্কোর লাইন হয় ৪-০। যোগ করা সময়ে গোলমুখ ফাঁকা পেয়ে বল পাঠাতে ভুল করেননি রোনালদো। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে ৬৩তম হ্যাটট্রিক সেরে ফেললেন পর্তুগিজ মহাতারকা।

তিন ম্যাচের একটিতে জয় ও দুই ম্যাচে হারায় আল নাসরের পয়েন্ট ৩। লিগে এই মুহূর্তে তাদের অবস্থান দশম স্থানে। করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ রয়েছে সবার ওপরে। তিন ম্যাচের সব কটিতে জেতায় ৯ পয়েন্ট তাদের।