চলে গেলেন ভাষাসৈনিক কয়েস উদ্দিন

ভাষা ও মুক্তিসংগ্রামী কয়েস উদ্দিন সরকার আর নেই। শতায়ু এই দেশপ্রেমিক ও চিরকুমার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ১১টায় জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যায়।

মরহুম কয়েস উদ্দিন সরকারের জানাজা তার নিজ বাড়ি বেলটিয়ায় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় পৌর শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। মরহুমের ইচ্ছা অনুযায়ী তার মরাদেহ শেখ হাসিনা মেডিকেল কলেজে দান করা হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আলহাজ জাকির হোসেন খান, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।