আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তারেক জিয়া পালাতক আসামি, তারা কোনোদিন নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং বিএনপির বন্ধুরা আপনাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসুন। তাহলে দলটির শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নানক বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ ছিল। বিএনপির আমলে বিদ্যুৎ কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইতো। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার বিদ্যুৎ উৎপাদন করছে।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো. মনজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হক, পৌরমেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।