বিক্রি কমেছে, ওয়াইন শিল্প বাঁচাতে ফ্রান্সে ২৩৬০ কোটি বরাদ্দ

ফ্রান্সে ব্যাপক হারে কমেছে ওয়াইনের চাহিদা। জীবনযাত্রার ব্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াইন শিল্প। ফলে এই শিল্প বাঁচাতে এগিয়ে এসেছে ফরাসি সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অতিরিক্ত ওয়াইন ধ্বংস এবং এর উৎপাদনকারীদের সহায়তা করতে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সরকার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ৩৬০ কোটি টাকা।

প্রতিবেদন আরও বলা হয়, বরাদ্দ অর্থের বেশিরভাগই হ্যান্ড স্যানিটাইজার এবং পারফিউমের মতো পণ্যগুলোতে ব্যবহারের জন্য বিক্রি করা অ্যালকোহলসহ অতিরিক্ত স্টক কিনতে খরচ হবে। এছাড়াও মাত্রাতিরিক্ত উৎপাদন এড়াতে ওয়াইন উৎপাদনকারীদের অন্যান্য খাত যেমন- অলিভ উৎপাদনে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়া হবে এই তহবিল থেকে।

ফ্রান্সের কৃষিমন্ত্রী মার্ক ফেসনিউ বলেন, ফরাসি সরকারের লক্ষ্য হলো ওয়াইন নির্মাতারা যাতে আবার মুনাফা অর্জন করতে পারে তা নিশ্চিত করা। ওয়াইন শিল্পকে এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে ভোক্তাদের পরিবর্তন সম্পর্কে চিন্তা করতে হবে এবং তা মানিয়ে নিতে হবে।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুসারে, ওয়াইন ব্যবহার ইতালিতে ৭ শতাংশ, স্পেনে ১০ শতাংশ, ফ্রান্সে ১৫ শতাংশ, জার্মানিতে ২২ শতাংশ এবং পর্তুগালে ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে।