বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, প্রতিরক্ষা সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশকে সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) প্রকল্পে যুক্ত করেছে জাপান। নতুন এ কর্মসূচিতে প্রথম বছর যে চার দেশকে জাপান যুক্ত করেছে, বাংলাদেশ তাদের অন্যতম।
গতকাল শনিবার দুপুরে জাপান দূতাবাস মিলনায়তনে এক গোলটেবিল আলোচনার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত এ কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউট (পারি) ‘বাংলাদেশ-জাপান কৌশলগত সম্পর্ক বাস্তবায়ন : কূটনৈতিক, অর্থনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। এ সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়। শীর্ষ বৈঠকের পর প্রচারিত যৌথ ঘোষণায় বাংলাদেশকে ওএসএতে যুক্ত করার কথা উল্লেখ করা হয়।
জাপানের রাষ্ট্রদূত বলেন, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে বাংলাদেশকে ওএসএতে যুক্ত করা হয়েছে। ওই রূপরেখার আওতায় সহযোগিতা বাড়াতে বিশেষ করে সমরাস্ত্র বিনিময় ও প্রযুক্তি বিনিময়ে সাম্প্রতিক মাসগুলোয় ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ২০১৪ সালে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফর ও ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। এই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে বাণিজ্য ৪০০ কোটি ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ-জাপান আগামী দিনে একসঙ্গে এগিয়ে যাবে।
পারির সভাপতি ইয়োজি আন্দোর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মামুন।