টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়ার বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মোহাম্মদ আব্দুল হালিম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকায় মেয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন জটিল ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে সাইফুর রহমান খোকন দৈনিক দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক।
গতকাল শনিবার সকাল ১০টায় টাঙ্গাইলের পৌর শহরের কলেজপাড়া পানির ট্যাংক মসজিদে প্রথম ও জানাজা বাদ জোহর করটিয়া ইউনিয়নের খুদিরামপুর জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে খুদিরামপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি চাকরি জীবনের শুরু থেকেই জনবান্ধব ডাক্তার হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতোয়ার রহমান শোক প্রকাশ করেছেন।