বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেক মেয়াদে ক্ষমতায় বসানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি শপথ নিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে ঘরে ফিরবে না। আমরা শপথ নিয়েছি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না বসিয়ে ঘরে ফিরব না। জয় আমাদেরই হবে। খুনির দল বিএনপির শপথ টিকবে না।’ গতকাল শনিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনের দাবিতে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী।
কর্মসূচিতে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করুন। ১৫ আগস্ট আসলেই আইনমন্ত্রী বলেন তদন্ত কমিশন গঠন করার কথা। এরপর কোনো অগ্রগতির কথা আমরা জানিনি। দ্রুত তদন্ত কমিশন গঠন করুন। তা না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা তরুণ প্রজন্মরা।’
বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক হারুন-অর রশীদ, বাহাদুর বেপারী প্রমুখ।