শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ: অসুস্থ সাত জন ঢামেকে

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে একে একে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, এক নারী শিক্ষার্থীসহ মোট ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা চিকিৎসা নিচ্ছে।

চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতির ৪র্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪) ও সাদেক বাপ্পি (২৩), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৫) ও ইয়াসিন আলী সাগর (২৫), সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের মাহবুব প্লাবন (২২) এবং বাঙলা কলেজের একাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের রাজিব ইসলাম (২৩)।