কখনও স্বল্প বসনে তরুণীর যাতায়াত, কখনও যাত্রীদের সামনেই প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি, হাতাহাতি— মেট্রো রেলে এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে। এবার দিল্লির মেট্রো রেলেও সে রকমই একটি ঘটনা ঘটল, যা নিয়ে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি বসার জায়গা নিয়ে দুই দল নারীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লির মেট্রো রেল। এমনিতে বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে ঝামেলা হওয়া খুব বিরল ঘটনা নয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল নারী নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন। শুধু তাই-ই নয়, একে অপরের চুল ধরেও টানছিলেন তারা।
বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিনের ঘটনার সূত্রপাত বসার জায়গাকে কেন্দ্র করে। প্রথমে কথা কাটাকাটি দিয়ে ঝামেলা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুইপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি দেখে এগিয়ে যান রেলের অন্য যাত্রীরা।
তবে ভিডিওটি সোশালে ভাইরাল হতেই নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, দিল্লির মেট্রো রেলে যত নাটক হয়, এত নাটক বিগ বসেও হয় না। অপর এক নেটিজেনের মন্তব্য, দিল্লি মেট্রো এবং মুম্বাই লোকালকে ফাইট ক্লাব ট্রান্সপোর্ট হিসেবে বিবেচনা করা উচিত।