বাংলাদেশে একসঙ্গেই ‘জওয়ান’, তবে...

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশের অসংখ্য শাহরুখভক্তও মুখিয়ে রয়েছে ছবিটি দেখতে। শাহরুখের আগের ছবি ‘পাঠান’ বড় পর্দায় দেখতে বাংলাদেশের দর্শককে অপেক্ষা করতে হয়েছিল অনেক দিন। তাই ছবিটি সেভাবে দর্শকও পায়নি। কিন্তু এবার সুখবর হলো, ‘জওয়ান’ দেখতে বাংলাদেশের দর্শককে আর অপেক্ষা করতে হবে না। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। আমদানির ভিত্তিতে সিনেমাটি দেশে মুক্তির জন্য গতকাল তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন খবরটি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘তবে ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, তাই বাংলাদেশে সিনেমাটি এক দিন পরে মুক্তি পাবে। ছবিটি দেখা যাবে ৮ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে। কারণ বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।’

জওয়ান ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণি লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এদিকে, শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। গতকাল হঠাৎ প্রতিবাদে মুখর হলেন একদল লোক। অবস্থা বেগতিক দেখে একসময় ঘটনাস্থলে পুলিশকে আসতে হয়, পাঁচজনকে আটক করে পুলিশ। এ ঘটনার রেশ কত দূর যাবে, এখনই বলা যাচ্ছে না। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সম্প্রতি শাহরুখ খান ‘এ ২৩’ নামের একটি অনলাইন গেমিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন। এ কারণে বিক্ষোভ করেছে ‘আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তারা অনলাইনের গেমিং অ্যাপের বিরুদ্ধে সবসময় কঠোর। কারণ হিসেবে বলা হয়েছে, এসব অ্যাপ যুবসমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। অনেকের কাছে এ গেমস এখন নেশার মতো। তারা নীতিনৈতিকতা উপেক্ষা করে গেমস নিয়ে তরুণদের ভুল ধারণা দিচ্ছে। সেই গেমসের বিজ্ঞাপনে শাহরুখ খানের মতো জনপ্রিয় তারকার মুখ দেখে তারা যারপরনাই হতাশ।