ডেঙ্গু রোগীপ্রতি সরকারের ব্যয় ৫০ হাজার টাকা

সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রতিটি ডেঙ্গু রোগীর পেছনে সরকারের ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সে হিসাবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু চিকিৎসায় সরকার প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করেছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ডেঙ্গু মোকাবিলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মোট ডেঙ্গু রোগীর ৭০ শতাংশ সরকারি হাসপাতাল ও বাকি ৩০ শতাংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সাধারণত দুই ধরনের ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। আবার অনেকে শুধু ওষুধেই সুস্থ হয়ে যায়।

ডেঙ্গুতে নারীদের ঝুঁকি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর নারীরা আক্রান্ত কম হলেও মারা যাচ্ছেন বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ নারী মারা গেছেন। তারা চিকিৎসা নিতে বিলম্ব করছেন বলেই তাদের মৃত্যু বেশি হচ্ছে। দেশের মোট হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে পুরুষ রোগী ৬৫ শতাংশ। অথচ ডেঙ্গুতে মারা গেছেন ৬৫ শতাংশ নারী ও ৩৫ শতাংশ পুরুষ। নারীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসা নিতে দেরি করছেন। তাদের অসুস্থতার ক্ষেত্রে পরিবারসহ আশপাশে মানুষদের নজর দিতে হবে।

ঢাকায় রোগী নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক রোগ কমানো যাবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মোট রোগীর অর্ধেক ঢাকায় বাকি ঢাকার বাইরে।

কারও একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের দায়িত্ব চিকিৎসা দেওয়া। আমরা তা করে যাচ্ছি। সিটি করপোরেশনকে এডিস মশা নিধনে সহযোগিতা করছি। কিন্তু কারও একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একে অন্যকে দোষারোপ না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।