সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সাত সেনাসদস্যকে ‘সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র’ প্রদান করেছেন। সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের
স্বীকৃতিস্বরূপ এই প্রশংসাপত্র দেওয়া হয়। এ সময় তাদের ইনসিগনিয়া পরিয়ে দেন। এ ছাড়াও, ২০২২-২৩ অর্থবছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উঁচু মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, তাদের এই স্পৃহা সবার জন্য পাথেয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি