বাছাই পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিস। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে শুরু প্রথম রাউন্ডের খেলা।
এবারের ইউএস ওপেনে পুরুষ এককে ফেভারিট সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ ও স্প্যানিশ কার্লোস আলকারাজ। তবে ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। জকোভিচ ২০২১ এর পর ইউএস ওপেন খেলবেন। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জকোভিচের। ইউএস ওপেন জিতলে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেটা কোর্টকে (২৪টি) ছুঁবেন তিনি।
এ বছরের উইম্বলডন ফাইনালে আলকারাজের কাছে হেরেছিলেন জকোভিচ। গেল সপ্তাহে সিনসিনাটি মাস্টার্সে অবশ্য আলকারাজকে হারান সার্বিয়ান টেনিস তারকা। তবে এবারের ইউএস ওপেন জিততে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে জকোভিচকে। কোয়ার্টারে লড়তে হতে পারে সপ্তম বাছাই সিতসিপাসের বিপক্ষে। সেমিতে উঠলে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ হবেন চতুর্থ বাছাই হলগার রুন অথবা পঞ্চম ক্যাসপার রুড।
জকোভিচ করোনার টিকা না নেওয়ায় গত বছর তাকে খেলতে দেওয়া হয়নি ইউএস ওপেনে। প্রথম রাউন্ডে জকোভিচের ম্যাচ আলেকজান্দ্রে মুলেরের বিরুদ্ধে।
ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ। গত বছর ক্যাসপার রুডকে হারিয়েছিলেন তিনি। তবে ২০ বছরের আলকারাজকেও পাড়ি দিতে হবে কঠিন পথ। ফাইনালে ওঠার পথে আলকারাজের দেখা হতে পারে ইয়ানিক সিনার, আলেকজান্দার ভেরেভের সঙ্গে। সেমিতে উঠলে তার সম্ভাব্য প্রতিপক্ষ তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ।
নারী এককে লড়াইটা হতে পারে ইগা সোয়াতেক ও আরিনা সাবালেঙ্কার মধ্যে। গত বছর ইউএস ওপেন জেতেন শীর্ষ বাছাই সোয়াতেক।