জমির জন্য পিটিয়ে মায়ের হাত ভাঙল ছেলে

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ছেলে বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বৃদ্ধা মায়ের নাম মোসা. সাফিয়া খাতুন (৮৭)। রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বৃদ্ধার নাতনি নাসরিন আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর গ্রামের মৃত আজিজ মোড়লের দুই স্ত্রীর সংসারে দুইজন করে চারজন ছেলে সন্তান রয়েছে। এদের মাঝে বড় ছেলে আব্দুস সাত্তার মোড়ল দীর্ঘ পনের বছর থেকে গাজীপুর সদরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত এক বছর আগে তিনি গ্রামের বাড়িতে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নিলে বাকি তিন ভাইয়ের সাথে তার বিরোধ শুরু হয়। গত রবিবার দুপুরে উভয় পক্ষের কথা কাটাকাটি হলে তিন ভাইয়ের পরিবারের সদস্যরা আব্দুস সাত্তারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ওই বাড়িতে বসবাসরত তাদের বৃদ্ধা মা মোসা. সাফিয়া খাতুন (৮৭) প্রতিবাদ করলে তার আপন ছেলে মো. রবি মোড়ল (৪৫) ও সৎ ছেলে মো. জামাল মোড়ল তাকে এলোপাথারীভাবে আঘাত করেন। এ সময় তার ডান হাতের হাড় ভেঙে যায়। পরে তিন ভাইয়ের পরিবারের লোকজন আব্দুস সাত্তারের বাড়িতে আসা যাওয়ার সবগুলো পথে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

এ বিষয়ে বৃদ্ধা সাফিয়া খাতুন দাবি করেন, ছেলে রবি মোড়ল ও সৎ ছেলে জামাল মোড়ল তার শরীরের একাধিক স্থানে আঘাত করে তাকে মারাত্মক আহত করেছে।

অভিযুক্ত ছেলে রবি মোড়ল বলেন, জমি সংক্রান্ত বিরোধে ওই দিন দুপুরে ঝগড়ার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার মাকে কেউ মারধর করেননি বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে সিংহশ্রী ইউনিয়নের ৭ নং সদস্য মো. আকবর হোসেন জানান, আব্দুস সাত্তারের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তার তিন ভাইয়ের সাথে তীব্র বিরোধ চলছে। এ ব্যাপারে বহু চেষ্টা করেও তাদের মাঝে সমঝোতা করাতে তিনি ব্যর্থ হয়েছেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।