ছাত্রদল নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক নয় : ডিবিপ্রধান

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সাত নেতাকে সম্প্রতি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো ঘটনা নয় বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘তারা (গ্রেপ্তার সাত নেতা) যে ১১টি অস্ত্র কেনার জন্য অস্ত্র ব্যবসায়ীদের কাছে অর্ডার করেছিল সেটি প্রমাণিত।’ গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন ডিএমপির ডিবিপ্রধান।

সম্প্রতি চারটি আগ্নেয়াস্ত্রসহ পুলিশ ছাত্রদলের সাত নেতাকে গ্রেপ্তারের খবর জানানোর পর বিষয়টি নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ গ্রেপ্তারকে ‘দুর্বল স্ক্রিপ্টের নাটক’ বলে অভিহিত করে ছাত্রদল। এমন পরিস্থিতিতে ডিবিপ্রধান গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।