১৭ ঘণ্টা পর উদ্ধার ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর লাশ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে ড্রেনে পড়ে নিখোঁজ দেড় বছর বয়সী শিশু ইয়াছির আরাফাতের লাশ উদ্ধার হয়েছে প্রায় ১৭ ঘণ্টা পর। গতকাল সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, গত রবিবার ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ইয়াছির আরাফাতের মরদেহ তার ঘরের সামনের নালাতেই পাওয়া যায়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত রবিবার বিকেল ৫টার দিকে নগরীর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় এম হাশেম টাওয়ারের পাশে ড্রেনে পড়ে নিখোঁজ হয় ইয়াছির আরাফাত। খবর পেয়ে সাড়ে ৫টা থেকে শিশুটির খোঁজে ঘটনাস্থল আগ্রাবাদ রঙ্গীপাড়ার আশপাশের নালায় তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মারা যাওয়া ইয়াছির আরাফাতের বাবার নাম সাদ্দাম হোসেন। রঙ্গীপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।

এর আগে গত ৭ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলি সিটি করপোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় ড্রেনে পড়ে মারা যান নিপা পালিত (১৯) নামে হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রী। তার আগে ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। চার ঘণ্টা পর তার লাশ পাওয়া যায়।