পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের যে পরিচয় দিয়েছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় ডিএমপির কনস্টেবল থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত প্রায় এক হাজার সদস্য উপস্থিত ছিলেন।