নানা আয়োজনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত ডা. আখ্লাকুল হোসাইন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার জন্ম ১৯২৬ সালের ১৫ অক্টোবর এবং মৃত্যু ২০১২ সালের ২৮ আগস্ট। গতকাল সোমবার মরহুমের নিজ উপজেলা মোহনগঞ্জে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান আয়োজনের মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিলসহ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। নেত্রকোনার মোহনগঞ্জে হাসপাতাল রোডের একটি কমিউনিটি সেন্টারে দুপুরের দিকে মরহুমের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মেমোরিয়াল ট্রাস্টের মোহনগঞ্জ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য দ্বিতীয় সন্তান নেত্রকোণা-৪ আসনের সাংসদ, মরহুমের নামে মেমোরিয়াল বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সজল, জেলা প্রশাসক সাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী তিন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা প্রমুখ। এ আয়োজনে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষকরা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি