নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পর্শে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 'কেনটাকি টেক্সটাইল মিলে' বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা (৫০), আল আমিন (২৫) ও শাহিনুর (২৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলটির গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা তিনজন দগ্ধ হয় বলে শুনতে পেরেছেন তিনি। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা তার জানা নেই। ঘটনার পর তার গাড়িতে করে দগ্ধদের ঢাকায় নিয়ে আসেন।

এদিকে টেক্সটাইল মিলটির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁও মোরড়াপাড়া এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার আছে। সেখান থেকেই তারা তিনজন কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের তিনজনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।