রাজধানীতে রাস্তার লাইট মেরামতকালে একজনের মৃত্যু

রাজধানীর চকবাজার উমেশ দত্ত রোডে রাস্তার লাইট মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে নিচে পড়ে শেখ শাহিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিটি করপোরেশনের লাইনম্যান।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন জানান, রাতে তারা উমেশ দত্ত রোডে মই দিয়ে খুটিতে উঠে লাইট মেরামত করছিলেন। এ সময় শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

তিনি আরও জানান, শাহিন দক্ষিণ সিটি করপোরেশনের লাইনম্যান। বর্তমানে থাকতেন লালবাগের নবাবগঞ্জ এলাকায়। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।