বিমান কার্যালয়ে কানাডার হাইকমিশনার

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই সাক্ষাৎ করেন তারা। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার বলেন, বৈঠকে কানাডা এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল ও এয়ার কানাডার সঙ্গে কোড শেষের চুক্তির সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।

কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বলেন, ‘বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইট দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। এ রুটে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফ্লাইটের সফলতার ব্যাপারে সন্দেহসমূহ দূর হয়েছে।’

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী ও কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতায় ঢাকা-টরন্টো ফ্লাইট চালু করতে সক্ষম হয় বিমান বাংলাদেশ। বিমানের এই রুটটি বর্তমানে অন্যতম লাভজনক রুটে পরিণত হয়েছে। বর্তমানে এই রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধিরও প্রস্তাব আসছে। রুটটি চালু হওয়ার ফলে ট্রানজিট জটিলতা নিরসন হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।